অ্যাপলের প্রথম কম্পিউটার ‘অ্যাপল-১’ নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মূল্য মুদ্রায় যার প্রায় ১৪ কোটি টাকা (১ ডলার সমান ১২৩ টাকা )। বিরল ও সম্পূর্ণ সচল এই কম্পিউটারটি নিলামে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যাটফিল্ড’ নামে পরিচিত কম্পিউটারটি কেনার জন্য দুই ক্রেতার মধ্যে প্রায় ২৮ মিনিট ধরে তীব্র দর-কষাকষি চলে। শেষ পর্যন্ত এর দাম ওঠে ১১ লাখ ৫০ হাজার ডলার।
কম্পিউটারটির ঐতিহাসিক গুরুত্বও অনেক। এর গায়ে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর রয়েছে। ১৯৭৬ সালে কম্পিউটারটির হার্ডওয়্যার নকশা তৈরি করেছিলেন তিনি। অন্য সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস কম্পিউটারটির বাণিজ্যিক বিক্রি ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কম্পিউটারটির সঙ্গে নিলামে তোলা হয় স্টিভ জবসের লেখা ও স্বাক্ষর করা একটি চিঠি। ১৯৭৮ সালে লেখা চিঠিটি কম্পিউটারটির প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডকে উদ্দেশ করে পাঠানো হয়েছিল। এতে জবস তাকে নতুন অ্যাপল-২ কম্পিউটারটি উন্নত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
এ ছাড়া সংগ্রহে ছিল কম্পিউটারটির মূল ব্যবহারবিধি, বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রাংশ এবং অ্যাপল-১ মালিকদের ক্লাবে যোগ দেওয়ার জন্য টাইপ করা একটি আমন্ত্রণপত্র।
অ্যাপল-১ রেজিস্ট্রি অনুযায়ী, কম্পিউটারটি তালিকাভুক্ত রয়েছে ৪৮ নম্বরে। বিশ্বজুড়ে এ মডেলের ৭৫টিরও কম কম্পিউটার এখনো টিকে আছে বলে জানা যায়।
ব্যক্তিগত কম্পিউটারের ইতিহাসে মাইলফলক
১৯৭৬ সালে বাজারে আসা অ্যাপল-১ ছিল অ্যাপলের প্রথম পণ্য। ব্যক্তিগত কম্পিউটারের বিকাশের ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে গেলেও কম্পিউটারটি সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। এর বিরলতা, প্রযুক্তির ইতিহাসে গুরুত্ব এবং স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের স্মৃতিবিজড়িত উপকরণ এর আকর্ষণ আরও বাড়িয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস জানিয়েছে, অ্যাপলের ৫০ বছর পূর্তির বছরে এই রেকর্ডমূল্যের বিক্রি প্রতিষ্ঠানটির শুরুর দিকের প্রযুক্তিপণ্যের ঐতিহাসিক ও বাণিজ্যিক মূল্যকে আবারও সামনে এনেছে।