লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূজামণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। একপর্যায়ে তিনি মই থেকে মাটিতে পড়ে যান। পরে উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসান মাহমুদ শাকিল/এমএমবি
