শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে আকাশপথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় পথের দুই ধারে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরের স্থানীয় ধর্মসভা তথা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। সেখানে আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আকাশপথে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুর দেড়টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ শেষে সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।
রাজশাহীর কার্যক্রম সম্পন্ন করে তিনি বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যায় বন্দরনগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিরতি শেষে রাতেই আকাশপথে রাজধানী ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।
