গত ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং দেশের পরিণতি সিকিমের মতো হয়ে যেতে পারত বলে কঠোর মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা সভা ও উন্নয়নমূলক প্রকল্পের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা পরিষদ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া অতীতে জাতীয় রাজনীতি ও ভূ-রাজনীতি নিয়ে যেসব দূরদর্শী ও সতর্কতামূলক বক্তব্য দিয়েছিলেন, বর্তমান সময়ের নির্মম বাস্তবতায় সেগুলোর প্রতিটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী অভিযোগ করেন, গত সরকারের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি ও জমিজমা দখলের সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিলেন। অথচ নিজেদের এসব অপকর্ম ঢাকতে তারা বিদেশে বাংলাদেশকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে চিত্রায়িত করার কুৎসিত চক্রান্তে মেতে উঠেছিল।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পুনরুত্থানের স্বপ্নকে হাস্যকর আখ্যা দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইতিহাস সাক্ষী, তীব্র গণঅভ্যুত্থানের মুখে যেসব ফ্যাসিবাদের পতন ঘটেছে, তারা আর কখনো রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে পারেনি। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব এবং নতুন গ্যাসকূপ খননে তাদের উদাসীনতাকে মূল কারণ হিসেবে দায়ী করেন তিনি।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
