আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল ১০ঘটিকা বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ‘দক্ষিণ হাগলাছড়া এলাকার হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে’এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকায় কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয় এবং বঙ্গলতলী এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকার হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
The post সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ appeared first on Ctgtimes.com.
