Published on
:
1 min read
এই সময়,ভদ্রেশ্বর: নদীতে নেমে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর শ্রীমানী ঘাটে। পুলিশ জানিয়েছে, মৃত বিজেপি নেতার নাম গৌরী সাহানি (৬২)। ভদ্রেশ্বর শ্রীমানী ঘাটের কাছেই তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দশমীর রাতে কাঠামো সংগ্রহের জন্য নদীতে নেমেছিলেন তিনি। সেই সময় নরম মাটিতে শরীরের অনেকটা অংশ ঢুকে যায়। নাকে ও মুখে পলি মাটি ঢুকে যাওয়ায় অচেতন হয়ে পড়েন তিনি। আশপাশের লোকেরা তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ বলেন, ‘ভদ্রেশ্বর ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গার পাড়েই বাড়ি গৌরী সাহানির। নদী থেকে প্রতিমার কাঠামো তুলে বিক্রি করতেন। এমনিতেই তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তা সত্ত্বেও কাঠামো তুলতে গিয়েছিলেন।’
এ দিকে, উত্তরপাড়ার মাখলায় পদ্মপুকুরে জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় কুমার সিং (৩০)। বাড়ি মাখলা তেঁতুলতলায়। তিনি মাখলা পদ্মপুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন। পুকুরে নেমে জলে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।