ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হিটলার। পথে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের পেটে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, মোটরসাইকেলটিকে সার্বিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস নিহত হন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
