শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে ৩০জন নারীর মাঝে শাড়ি বিতরণ করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, (এসভিএস) বান্দরবান। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
গত সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের মহামায়া হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের হাতে এই শারদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা সুমন দাশ, সাংবাদিক কৌশিক দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ বান্দরবানের সভাপতি রাহুল দাশ, সাধারণ সম্পাদক জনি দাশসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এই উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারীদের মাঝে শাড়ি বিতরণের মূল উদ্দেশ্য হলো উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। এ উপহার কেবল শাড়ি নয়, বরং ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। সবাইকে নিয়ে মিলেমিশে দুর্গোৎসব উদ্যাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবানের সভাপতি রাহুল দাশ বলেন, সারা দেশের মতো বান্দরবান পার্বত্য জেলাতেও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি ধর্মচর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
