আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। স্থানীয় সময় বুধবার কয়েক হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে সরকারি একটি ভবন ও দুটি ব্যাংকে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা পুলিশের দিকে পাথর ছোড়েন, ময়লার পাত্র উল্টে দেন এবং স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি রাইফাইসেন ব্যাংকের একটি শাখায়ও আগুন ধরে যায় বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে সহিংস বিক্ষোভগুলোর একটি। গত বছরের মে মাসের নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন তিনি। তবে সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় তার সরকারের বিরুদ্ধে অসন্তোষ ক্রমেই বাড়ছে।
বিক্ষোভকারীদের ক্ষোভের আরেকটি কারণ শিক্ষা ব্যয় বৃদ্ধি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের প্রতিও তাদের আস্থার অভাব রয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও বিরোধী নেতাদের কার্যকর বিকল্প হিসেবে গ্রহণ করতে চাইছেন না অনেক বিক্ষোভকারী।
এর আগে গ্রীষ্মজুড়েও রামা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনের অন্যতম কারণ ছিল আলবেনিয়ার দক্ষিণ উপকূলে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট এই প্রকল্পটি আইনি বিরোধে জড়িয়ে পড়েছে।
শিক্ষা ব্যয়, দুর্নীতির অভিযোগ ও সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে জনঅসন্তোষের মধ্যে রাজধানীতে এই সহিংসতা আলবেনিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
