Published on
:
1 min read
এই সময়: শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের পথেই হাঁটল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ছ’মাস থমকে থাকা ১৩,৪২১ নিয়োগের নিয়োগের ইন্টারভিউ আবার শুরুর দাবিতে বুধবারই পর্ষদ অভিযানের ডাক দিয়েছিল ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা। আর এদিনই পর্ষদ সচিব রঞ্জনকুমার ঝা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের (ওবিসি) ১৮ মে-র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের সমস্ত ওবিসি নির্দেশিকা প্রত্যাহার করে বর্তমানে ৬৬টি শ্রেণিকে সরকারি চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণের আওতায় আনা হয়েছে। সেইমতো প্রাথমিকে চলতি শিক্ষক নিয়োগ হবে ৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে।
আবেদনকারীরা পর্ষদের ওয়েবসাইটে (https://wbbpe.wb.gov.in](https://wbbpe.wb.gov.in) গিয়ে অপশনে তাঁদের ওবিসি শ্রেণি দিতে পারবেন। ১৪ থেকে ৩১ অক্টোবর, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত এই অনলাইন পোর্টালটি খোলা থাকবে।
বিকাশ ভবনের কর্তাদের বক্তব্য, এর ফলে বিধানসভা ভোটের আগে রাজ্যের ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর, শিলিগুডি় এবং নদিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল, তার একাংশ বাতিল হতে চলেছে। বাকি ১৫টি জেলার পাশাপাশি সাত শতাংশ ওবিসি হিসেবেই ইন্টারভিউ হবে। ১০ শতাংশ ওবিসি বাদ যাবে। পরিবর্তে ১০ শতাংশ সাধারণ ক্যাটিগরির প্রার্থী অন্তর্ভুক্ত হবেন। ফলে ২০২২ সালে টেট পাশ (৮২–৮৯ নম্বর পাওয়া) ওবিসি সংরক্ষিত বহু প্রার্থীই এদিন আর নতুন করে অপশন দিতে পারছেন না।
এদিন করুণাময়ীতে আন্দোলনের সামনের সারিতে থাকা উত্তর ২৪ পরগণার বিদেশ গাজি বলেন, ‘আমার নামে নতুন করে এডিট অপশনই দিতে পারছি না।’ যদিও বুধবারই পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া রবিরঞ্জন সেন জানান, এখনও পর্যন্ত যে সব জেলায় ইন্টারভিউ বাকি রয়েছে, সেগুলি ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনেই হবে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শুরু করা হবে।
