নগরীর পাঁচলাইশ থানা থেকে এক কিলোমিটার দূরত্বে বিবিরহাট কাঁচাবাজারের অবস্থান। গত শুক্রবার গভীর রাতে সেখানে একটি গলিতে ছিনতাইয়ের শিকার হন কাজী রফিকুল ইসলাম মনির (৬০) নামের এক পথচারী। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জানতে পারে পুলিশ। এখন ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সড়কে লাগানো সিসি ক্যামেরায় ধারণ হওয়া ছিনতাইয়ের ভিডিও ফুটেজ গতকাল শনিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ সজাগ হয়।
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার কাজী রফিকুল ইসলাম মনির নগরীর আতুরার ডিপো এলাকায় খাজা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ছিনতাইকারীরা তার গলায় ঝোলানো একটি ব্যাগ কেড়ে নিয়ে যায়। ব্যাগে প্রায় চার হাজার টাকা ও দুটি মোবাইল ছিল।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মনির গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার গলায় ঝোলানো একটি ছোট ব্যাগ। ডান হাতে একটি থলে। বাম হাতেও ছোট একটি থলের মতো ছিল। মনিরের পেছনে টি-শার্ট পরা এক তরুণ হাঁটছিলেন। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। সেটিতে শুধু চালক ছিলেন। দুই যুবক অটোরিকশার সামনে হেঁটে আসছিলেন।
সামনে আসতেই দুই যুবক হঠাৎ মনিরকে আক্রমণ করেন। এ সময় পেছনে থাকা তরুণটি প্রাণভয়ে দৌড়ে চলে যান। দুই যুবক ঝাঁপিয়ে পড়ে মনিরের কাঁধ থেকে ব্যাগটি টেনে নেন। এরপর অটোরিকশায় উঠে চলে যান। ঘটনার আকস্মিকতায় মনির প্রথমে দৌড়ে কিছুদূর এগিয়ে যান। পরক্ষণেই অটোরিকশার পেছনে ‘ধর ধর’ বলে দৌড়ে যেতে থাকেন। আশপাশে আরও কয়েকজন লোক হাঁটাহাঁটি করছিলেন। তাদের একজনকেও মনিরের সঙ্গে যেতে দেখা যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমাদের টহল টিম নিয়মিত বিভিন্ন অলিগলিতে ডিউটি করে। রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। সকালে ফেসবুকে আমরা ঘটনাটি দেখি। এরপর টিম পাঠিয়ে ভিকটিমকে খুঁজে বের করি। তাকে মামলা করতে বলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
