সাজেকে কড়া নিরাপত্তাএই সময়
Published on
:
1 min read
এই সময়, ঢাকা: পর্যটনকেন্দ্র সাজেককে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ খাগড়াছড়ি ও রাঙামাটি। সাজেকে আটকে পড়া কমপক্ষে ৩ হাজার পর্যটককে উদ্ধার করতে সেনা-পুলিশ গেলে বৃহস্পতিবার তাদের সঙ্গে গুলির লড়াই চলে পাহাড়ি সশস্ত্র সংগঠনের। এতে সেনা ও পুলিশের ৯ জন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে শনিবার ১২ ঘণ্টা ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ (ইউপিডিএফ) ।
পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত সাজেকে পাহাড়ের দুই প্রভাবশালী সংগঠন সন্তু লারমার জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ-এর কর্তৃত্ব কায়েমের লড়াইকে ঘিরে এক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছিল। এর মধ্যে, দুর্গাপুজার ছুটিতে সাজেকে বেড়াতে যাওয়া কয়েক হাজার পর্যটককে কার্যত আটকে, রাস্তা অবরোধ করে ইউপিডিএফের অনুগামী ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’ নামে দু’টি সংগঠন।
সেনাসূত্রে খবর, ইউপিডিএফ–এর সশস্ত্র সদস্যরা স্থানীয় পাহাড়ি ও অপাহাড়িদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সড়ক আটকে পর্যটকবাহী যান চলাচল বন্ধ করে দেয়। তারা নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের উপরে হামলা করলে পাল্টা পদক্ষেপ করে সেনা ও পুলিশ। ২,৯৩৩ জন পর্যটকের পরে নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়।
