ক্রীড়াঙ্গনে সাফল্যের পথে শুধু প্রতিভা নয়, প্রয়োজন নিয়মিত প্রতিযোগিতা ও নিজেদের প্রমাণের সুযোগ। খেলোয়াড়দের সেই মঞ্চ তৈরি করে দিতে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে বছরজুড়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রতিটি ফেডারেশনকে অন্তত তিনটি আন্তর্জাতিক ও চারটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব বাড়ানো এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে এ নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে বছরজুড়ে অন্তত তিনটি আন্তর্জাতিক ও চারটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি। রোববার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে ভারত, নেপাল ও মালদ্বীপ।
ক্রীড়া খাতকে আরও পেশাদার করে গড়ে তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।
খেলোয়াড়দের পারফরম্যান্সকেই মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান আমিনুল হক। তার মতে, নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পারফরম্যান্সের ধারাবাহিকতা ছাড়া একজন খেলোয়াড়ের প্রকৃত সক্ষমতা যাচাই করা কঠিন।
তিনি বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতিমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি টিম কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হচ্ছেন, যা একটি চলমান প্রক্রিয়া।
ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। এ প্রক্রিয়ায় কেউ কেউ ভাতা থেকে বাদ পড়ছেন, আবার নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়মিত মূল্যায়নের আওতায় থাকবে।
ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এদিকে, আইএইচএফ নেশনস ট্রফিতে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর ২টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় লড়বে ভারত ও মালদ্বীপ।
