কলকাতা পুরসভা ছবি: সংগৃহীত
Authored By:
Published on
:
1 min read
এই সময়: পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় বিজ্ঞাপনের এলইডি হোর্ডিং বা ফ্লেক্স ব্যবহার করলে প্রতি বর্গফুটে ৬০০ টাকা করে বিজ্ঞাপনদাতাকে কর দিতে হবে পুরসভাকে। কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগ সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রতি বছর পুজোয় সাধারণ ফ্লেক্স বা ব্যানার ব্যবহারের জন্য বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে পুরসভার বিজ্ঞাপন বিভাগ কর নিতো। সেই ব্যানার, হোর্ডিংয়ের উপরে বিজ্ঞাপনদাতারা লিখে দিতেন পুরসভাকে কর দেওয়ার কথাও। এই বছর এলইডি ব্যানার ও হোর্ডিংয়ের উপরেও সেই শর্ত আরোপ হলো।
কলকাতা পুরসভার তরফে এই বিষয়টি চিঠি দিয়ে শহরের পুজো উদ্যোক্তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শুধু এলইডি হোর্ডিং বা ফ্লেক্সের উপরে কর আরোপ নয়, পুজোর উদ্যোক্তাদের বিজ্ঞাপন ব্যবহারের জন্য নির্দেশাবলি তৈরি করেছে পুরসভা। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দশমীর পরেই যে সব পুজো উদ্যোক্তারা তাঁদের মণ্ডপের সামগ্রী সরানোর ব্যবস্থা করবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা বা ফুটপাথে মণ্ডপ তৈরির সামগ্রী পড়ে থাকলে তা–ও বাজেয়াপ্ত করা হবে। বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, অতীতে দেখা গিয়েছে অনেক পুজো কমিটি দিনের পর দিন মণ্ডপের সামগ্রী সরানো নিয়ে গড়িমসি করে। এই বছর তাই উৎসবের শেষে শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে এই সিদ্ধান্ত।
পুজোর পরে বাঁশের কাঠামো অনেক জায়গায় পড়ে থাকে। যার মধ্যে জল জমে ডেঙ্গির জীবাণুবাহী মশা জন্মায়। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও পুরসভার শীর্ষকর্তাদের সতর্ক করেছেন। এরপরেই পুরসভার তরফে বিজ্ঞাপন বিভাগের আধিকারিকদের বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুজোর ভিড় সামলাতে অনেক জায়গাতেই রাস্তায় বাঁশ দিয়ে রেলিং তৈরি হয়। এই বছর পুজো শেষ হলেই সেই রেলিং সরানোর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের রাস্তার গর্ত বোজাতেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
