কালবেলা · বিনোদন
নতুন কার্টুন ও অনুষ্ঠান নিয়ে দুরন্ত টিভির ৩৭তম সিজন
২২/১০/২০২৬

শিশুদের বিনোদনের জগতে নতুন গল্প, চরিত্র আর অভিযানের ডালি নিয়ে হাজির হচ্ছে দুরন্ত টেলিভিশন। জনপ্রিয় শিশুতোষ চ্যানেলটির ৩৭তম সিজন শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর থেকে। নতুন দুই কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’-এর পাশাপাশি এবারের আয়োজনে থাকছে চারটি নতুন সিনেমা। এ ছাড়া শিশুদের প্রিয় নাটক, অ্যানিমেশন সিরিজ, গল্প বলার অনুষ্ঠান ও ইংরেজি শেখার আয়োজন তো থাকছেই।
নতুন সিজনে যুক্ত হচ্ছে কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’। পাঁচ বছর বয়সী চিপ প্রাণবন্ত, চঞ্চল ও বন্ধুসুলভ একটি মেয়ে। তার সবচেয়ে কাছের বন্ধু পটেটো। অন্যরা পটেটোকে খেলনা ইঁদুর মনে করলেও সে আসলে কথা বলতে পারা একটি জীবন্ত ইঁদুর। চিপ কোনো সমস্যায় পড়লে বুদ্ধি দিয়ে তাকে সাহায্য করে পটেটো। দুই বন্ধুর মজার সব ঘটনা নিয়েই সাজানো হয়েছে সিরিজটি। মাহবুব আলম ও ইন্দ্রাণী ঘটকের কণ্ঠাভিনয় নির্দেশনায় কার্টুনটি প্রচারিত হবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
এ ছাড়া শিশুদের জন্য থাকছে জনপ্রিয় চরিত্র স্নুপিকে নিয়ে নির্মিত ‘দ্য স্নুপি শো’। চঞ্চল ও দুষ্টুমিতে ভরা স্নুপির সঙ্গী পাখির ছানা উডস্টক। চার্লি ও তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা, কল্পনার জগতে বিচরণ আর বিচিত্র সব অভিযানে মেতে ওঠে তারা। কখনো ডাক্তার, কখনো ছাত্র, আবার কখনো লেখক হয়ে হাজির হয় স্নুপি। সাজ্জাদ আহমেদ ও শরীফ হাসান চৌধুরীর কণ্ঠাভিনয় নির্দেশনায় সিরিজটি দেখা যাবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
দুরন্ত টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত অ্যানিমেশন সিরিজ ‘সবার বন্ধু টোটন’ও থাকছে নিয়মিত সম্প্রচারে। দুষ্টু-মিষ্টি, কিছুটা অলস ও বোকাসোকা টোটনের নানা কাণ্ডকারখানা ঘিরেই এর গল্প। মা-বাবা, ভাইবোন, দাদা-দাদি, নানা-নানি এবং স্কুলের বন্ধুদের সঙ্গে প্রতিদিনই নতুন কোনো ঝামেলা কিংবা মজার পরিস্থিতিতে জড়িয়ে পড়ে সে। টোটনের উল্টাপাল্টা বুদ্ধি আর হাজারো প্রশ্নে জমে ওঠে প্রতিটি পর্ব। দুরন্ত টিভির নিজস্ব প্রযোজনায় তৈরি এটি চ্যানেলটির দ্বিতীয় অ্যানিমেশন সিরিজ। প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা, বিকেল ৪টা ও রাত ৮টায় প্রচারিত হয় সিরিজটি।
শিশুদের কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করতে থাকছে গল্প বলার অনুষ্ঠান ‘অল্প স্বল্প গল্প কথা’। বিশ্বের বিভিন্ন দেশের রূপকথা নিয়ে সাজানো এই আয়োজনে রয়েছে তিন কৌতূহলী বন্ধু, একজন প্রাণবন্ত আপু এবং পাপেট চরিত্র গ্র্যানি। গল্পের ঝুলি খুলে গ্র্যানি শিশুদের শোনাবেন নানা দেশের মজার সব রূপকথা। আমিনা নওশিন রাইসার পরিচালনায় অনুষ্ঠানটিতে অভিনয় করেছেন মানসুরা মুবাশ্বিরা, শ্রেয়া মণ্ডল, সঞ্জীব কুমার সাহা, আহমেদ মাবরুর খান, জাঈমা জান্নাত জারা, জাররার সুফিয়ান নেহান ও তাসবিহা আয়ান তানহা। ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
শিশুদের আনন্দের সঙ্গে ইংরেজি শেখানোর আয়োজন ‘দি ইংলিশ ক্লাব’ও থাকছে নতুন সিজনে। একটি ক্লাবের আদলে তৈরি এই অনুষ্ঠানে খেলাধুলা, ছবি আঁকা, নাচ ও গানের মাধ্যমে ইংরেজি শেখে শিশুরা। তাদের সঙ্গে থাকে তিনজন আপুমনি। পাশাপাশি পিংকি ও টিংকুর নানা মজার কাণ্ড অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবিরের নির্দেশনায় অনুষ্ঠানটি দেখা যাবে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
নতুন সিজনে দুরন্ত টিভির নিয়মিত আয়োজনেও থাকছে বৈচিত্র্য। শিশুদের জনপ্রিয় নাটক ‘টুমলু’, ‘এমিল ও তার গোয়েন্দারা’, ‘পিকলু অ্যান্ড পাই’ এবং ‘রাঁধিবাড়ি খাইদাই’-এর দ্বিতীয় সিজন প্রচারিত হবে। পাশাপাশি থাকছে ‘সিসিমপুর’-এর ১৬তম সিজন। কার্টুনপ্রেমীদের জন্য রয়েছে ‘মীয়া অ্যান্ড মি’, ‘চওঘণ ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’, ‘কিউ পুটল ৫’, ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’, ‘রাস্টি নাইট’, ‘দ্য স্মার্ফস’, ‘ল্যাসি’-এর দ্বিতীয় সিজন, ‘স্পেস নোভা’, ‘ভিক দ্য ভাইকিং’ ও ‘১০০% উলফ—লিজেন্ড অফ দ্য মুনস্টোন’।
এ ছাড়া যোগব্যায়ামবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত সময়’-এর তৃতীয় সিজন, গল্প শোনার আয়োজন ‘গল্প শেষে ঘুমের দেশে’-এর দ্বিতীয় সিজন, ‘রঙ বেরঙের গল্প’-এর ষষ্ঠ সিজন, ‘কাট্টুস কুট্টুস’ এবং হাতের কাজ ও সৃজনশীলতা নিয়ে ‘দি আর্ট রুম’ থাকবে এবারের সূচিতে।
নতুন কার্টুন সিরিজগুলোর পাশাপাশি সিজনটির অন্যতম আকর্ষণ চারটি নতুন সিনেমা—‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’, ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’, ‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অফ বেরি বগ’ এবং ‘স্ট্রবেরি শর্টকেক’স পারফেক্ট হলিডে’। সব মিলিয়ে নতুন চরিত্র, পরিচিত মুখ আর বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে শিশুদের বিনোদনের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে দুরন্ত টেলিভিশনের ৩৭তম সিজন।
মূল প্রতিবেদনে যান ↗