নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, তার বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি আজ বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন একটি ব্যাগে করে জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন। টাকা নিয়ে মাসুম মোল্লা নিজের মোটরসাইকেলে করে করাটিয়ার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজনের একটি দল তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
তিনি বলেন, ‘জমি রেজিস্ট্রি করার জন্য ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
