কুমিল্লার লাকসামে দুর্ঘটনাকবলিত ‘কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত সম্পন্ন হওয়ায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী (আপ) লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনাস্থল নিরাপদে অতিক্রম করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ওই লাইনে স্বাভাবিক রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়।
এর আগে গত বুধবার দুপুরে উপজেলার নাওটি স্টেশনসংলগ্ন আজগরা বাজারসংলগ্ন এলাকায় ঢাকামুখী ‘কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পরপরই ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তবে সাময়িকভাবে বিকল্প হিসেবে চট্টগ্রামমুখী ডাউনলাইন ব্যবহার করে দুই পাশের ট্রেন পারাপার করা হয়। এতে করে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটমুখী একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত থেকে দুর্ঘটনাকবলিত বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ জোরকদমে শুরু হয়। বৃহস্পতিবার ভোরে তিনটি বগি উদ্ধার করা সম্ভব হলেও একটি বগি রেললাইনের ওপর আটকে থাকে। পরবর্তীতে সকালের দিকে নাঙ্গলকোট স্টেশন থেকে অতিরিক্ত একটি রিলিফ ইঞ্জিন নিয়ে আসা হয়। বেলা ১১টা ৫৫ মিনিটে বগিটি উদ্ধার করে লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে যাওয়া হয়। এরপর কারিগরি দল লাইন পরীক্ষা-নিরীক্ষা করে চলাচলের উপযুক্ত ঘোষণা করে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক ফারহান মাহমুদ বলেন, সরকারি ছুটি থাকলেও নির্ধারিত তিন দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ঘটনায় কারো অবহেলা ছিল কি না, তা তদন্তের পর জানা যাবে।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনমাস্টার ফারুক আহমেদ ভূঁইয়া জানান, দুর্ঘটনা ও লাইন মেরামতের কারণে সাময়িক বিলম্ব হলেও এখন ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। দুপুর ১২টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে বিজয় এক্সপ্রেস লাইনটি অতিক্রম করে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
