নওগাঁ: জেলার মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
আহতরা হলেন— শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তারা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। এসময় তাদের মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। শহীদুলকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও মারধরে আহত হন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’
