ফরিদপুর: ফরিদপুরে পূজা দেখতে বের হয়ে নিখোঁজের দুইদিন পর শহরের টেপাখোলা স্লুইচগেটসংলগ্ন কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু (২৩) নামের কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্লুইচগেটসংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ‘ওয়ারলেস পাড়ার কমলেশ কুমার সাহার ছেলে কৌশিক দুইদিন আগে পূজা দেখতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল কোতোয়ালী থানায় এ সংক্রান্ত একটি জিডি করে তার পরিবার। কৌশিকের মৃত্যুর কারণ অনুসন্ধানসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
