বাংলাদেশে ডিজিটাল বিমাসেবা বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে জীবনবিমা আরও সহজ করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ।
বুধবার (২১ অক্টোবর) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফরজামান সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের পক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দুটি ডিজিটাল বিমা পণ্য যেমন কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করে বিমাসেবার পরিধি বাড়ান, গ্রাহকসুবিধা নিশ্চিত করা এবং বেশি সংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা এবং নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক এফআই ইন্স্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ ও অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত প্রমুখ।
