ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অর্থপাচারবিরোধী আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলারের বেশি জরিমানা করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার ঘোষিত এ জরিমানার মধ্যে মন্ত্রণালয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ অঙ্কের দণ্ডও রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্যাংকটির বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে চীনা অর্থপাচারকারী নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় অবৈধ অর্থ লেনদেনের মতো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় ব্যাংকটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেন এ কারণে ব্যাংকটিকে ১২০ কোটি ডলার জরিমানা করেছে। সংস্থাটির অভিযোগ, ব্যাংকটি ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য সময়মতো জানায়নি। এ ছাড়া গ্রাহকের তথ্য যাচাই ও সন্দেহজনক লেনদেন শনাক্তের প্রক্রিয়াতেও ঘাটতি ছিল। নিজেদের দায়িত্বের একটি বড় অংশ তৃতীয় পক্ষের ওপর ছেড়ে দিয়েছিল ব্যাংকটি।
এদিকে, অর্থপাচারবিরোধী কর্মসূচিতে দুর্বলতা ও কার্যকারিতার ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি) ব্যাংকটিকে আরও ৭৫ কোটি ডলার জরিমানা করেছে। সংস্থাটির ইতিহাসে এটিই সর্বোচ্চ জরিমানা। তবে ফিনসেনের নির্ধারিত ১২০ কোটি ডলারের জরিমানায় ওসিসির জরিমানার অর্থ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া ইরান, রাশিয়া, মাদক পাচার ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিষয়ক একাধিক মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচির সম্ভাব্য লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল দপ্তর (ওএফএসি) ব্যাংকটির সঙ্গে ১ কোটি ১৬ লাখ ডলারের সমঝোতা করেছে। একাধিক নিষেধাজ্ঞা কর্মসূচির ৪৭৫টি সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে সম্মত হয়েছে ব্যাংক অব আমেরিকা। একই সঙ্গে প্রশিক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, নিরীক্ষা এবং ভবিষ্যতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এত বড় একটি ব্যাংক অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হলে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থা অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকিতে পড়ে। তার ভাষায়, এ পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোও আইনের ঊর্ধ্বে নয়।
জরিমানার বিষয়ে ব্যাংক অব আমেরিকা এক বিবৃতিতে বলেছে, আর্থিক অপরাধ প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করা তাদের কর্তব্য। এ খাতে প্রযুক্তি উন্নয়ন ও কার্যক্রমে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ এবং হাজারো কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানায় ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় কাজ এগিয়ে চলছে এবং তা সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
