Published on
:
1 min read
পঞ্চমীর রাতে বিশৃঙ্খলা হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। মণ্ডপ লাগোয়া বামপন্থীদের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ। সিপিএম কর্মীদের দাবি, বিজেপির কিছু লোকজন এসে স্টল ভাঙচুর করেছে। অথচ, এই স্টল বসানোর জন্য পুলিশের তরফে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। অন্য দিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিরোধীদের কোনও স্টল এখানে থাকবে না।
দক্ষিণ হাওড়া ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের সামনে প্রতি বছরের ন্যায় এ বারেও স্টল বসানো হয় বামপন্থীদের তরফে। তাঁদের দাবি, এ দিন দক্ষিণ হাওড়া সিপিআইএম কমিটির পক্ষ থেকে মার্কসবাদী সাহিত্যের বুক স্টল তৈরি করা হয়েছিল। জিটি রোডের ধারে এই স্টল করা হয়েছিল।
তাঁদের অভিযোগ, এ দিন সন্ধ্যায় কিছু লোকজন এসে প্রথমে বাদানুবাদ শুরু করে। স্টল তুলে দেওয়ার জন্য বলা হয়। এর পরে স্টলে ভাঙচুর চালানো হয়। সিপিএম নেতা অসিত ঘোষ বলেন, ‘আমাদের উল্টোদিকে এসএফআইয়ের একটি স্টল ছিল। সেটা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের স্টলে যাঁরা ত্রিপল দেওয়ার কাজ করছিল, তাঁদের ভয় দেখানো হয়েছে। আমাদের স্টল করতে দেওয়া না হলেও আগামী কাল টেবিল পেতে বসব। তাতে আমাদের কমরেডদের যদি মারও খেতে হয় অসুবিধা নেই।’
অন্য দিকে, স্থানীয় বিজেপি নেতা তরুণকুমার সাউ বলেন, ‘ওঁরা ৩৪ বছর মানুষের রক্ত চুষেছে। কোনও উন্নয়ন করেনি। ওঁরা হিন্দু বিরোধী পার্টি। বই বিক্রি করে মানুষকে কী জানাতে চাইছে? বিরোধী পার্টিকে এখানে পুজোর মণ্ডপে ক্যাম্প করতে দেব না।’
