চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি প্রেম বাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সি (৩২) সহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের (লেদা ক্যাম্প-২৫) এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। আটক অন্য পাঁচজন হলেন—মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুইছড়ি প্রেম বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোহাম্মদ এহছানকে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, এসআরবি পোশাক পরিহিত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়।
অপহরণের পর দুর্বৃত্তরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ২৭। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
The post বাঁশখালীর পুইছড়ি প্রেম বাজার হতে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, আটক ৬ appeared first on ভোরের চেতনা.
