ভৌগোলিক কারণে খুলনা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ও প্রাকৃতিক ঝুঁকি বাড়ছে উল্লেখ করে এই ঝুঁকি মোকাবিলায় তরুণদের সংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের কার্যকর ও সক্রিয় ইউনিট গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি—খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ‘ইয়ুথ সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনা অঞ্চলের মানুষকে প্রতিবছরই নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এই ঝুঁকি কমাতে বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মানবিক সেবায় উদ্বুদ্ধ করতে সময়োপযোগী ভূমিকা রাখছে।” পাশাপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে তরুণ প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
ছয় কলেজে গঠিত হলো জলবায়ু দূত দল:
সামিটে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় খুলনা ও বাগেরহাটের নির্বাচিত ছয়টি কলেজে ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর’ (জলবায়ু দূত) দল গঠন করা হয়েছে। এসব দলের তরুণ সদস্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিবেশ ও জলবায়ু অভিযোজনমূলক নানা সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন। অভিজ্ঞতা বিনিময় ও স্থানীয় সাংগঠনিক কাঠামোয় তরুণদের সম্পৃক্ততা বাড়ানোই ছিল এই সামিটের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি—খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আবদুর রাজ্জাক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক মো. সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয়ক মো. বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডি এম নাজমুল আলম ও আমেরিকান রেড ক্রসের প্রতিনিধিগণ।
সামিটে তিনটি কলেজের ৯০ জন নিবন্ধিত ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর এবং সুশীল সমাজ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন খুলনার পিও মো. জহিরুল ইসলাম।
