ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা।
সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আজ বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলাই চালানো হয়নি।
এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, ‘মদিনায় ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।’
এর আগেও মক্কা ও মদিনায় হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। যার সবগুলোই প্রত্যাখ্যান করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এখন নতুন করে আবারও তাদের বিরুদ্ধে ক্রুজ মিসাইল ছোড়ার অভিযোগ আনল সৌদি।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের ৩৭ দিনে ইয়েমেনের নতুন ১৫ হাজার কিলোমিটার এলাকার দখল নিয়েছে হুথি বিদ্রোহীরা।
হুথিদের দাবি, সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। এর মধ্যে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হন।
রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সীমিত পরিসরে আগুনের ঘটনা ঘটেছে।
সূত্রগুলোর দুজনের তথ্য অনুযায়ী, আরামকোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কর্মীরাও বাড়ি থেকে কাজ করছেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কোম্পানিটি।