ময়মনসিংহের ভালুকায় নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমেদের উপর স্থানীয় বখাটে শাকিল ও তার সহযোগীদের অতর্কিত হামলা, ও তার শিশু কন্যাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার প্রতিবাদে শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন ভালুকা-গফরগাঁও রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান সবুজ, শিক্ষক নাজমা আক্তার, জেসমিন আক্তার, আনোয়াল হক দিলীপসহ আরো অনেকে।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার ভরাডোবা এলাকায় নজরুল একাডেমি নামে একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষক মোস্তাক আহমেদ তার কন্যাকে নিয়ে ফেরার পথে বখাটে শাকিল ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে তার শিশু কন্যাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে শাকিল ও তার সহযোগী চলে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোস্তাক আহমেদকে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
