আবদুলরহমান আলফোজ়ান এবং ওপেনএআই লোগো। ছবি সৌজন্যে: AI
Published on
:
2 min read
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা OpenAI-এর গুরুত্বপূর্ণ বৈঠকের কথা গোপনে রেকর্ড করার অভিযোগ উঠল সংস্থারই এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় ৩৫ বছরের সৌদি নাগরিক আব্দুলরহমান আলফোজ়ানকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। তাঁর বিরুদ্ধে গোপনে কথোপকথন রেকর্ড করার যন্ত্র ব্যবহার বা ব্যবহারের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তবে সংস্থার গোপন তথ্য সত্যিই চুরি হয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
কী ভাবে সামনে এল ঘটনা?
মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর OpenAI-এর সান ফ্রান্সিসকো অফিসের একটি এগজ়িকিউটিভ মিটিং রুমে টিভির পিছনে USB পোর্টে লাগানো একটি ছোট অডিয়ো রেকর্ডিং ডিভাইস খুঁজে পান কর্মীরা। যন্ত্রটি টয়লেট পেপারে মোড়ানো ছিল। সেটি ২৮ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে সেখানে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। যন্ত্রে জমা তথ্য এনক্রিপ্ট করা ছিল।
অভিযোগ, ওই মিটিং রুমে প্রবেশের অনুমতি ছিল না আলফোজানের। তবুও CCTV ফুটেজে যন্ত্রটি উদ্ধারের আগে তাঁকে একাধিক বার ঘরটির আশপাশে দেখা যায়। ৫ অক্টোবর তিনি ঘরে ঢুকে টিভির পিছনে হাত দিয়ে যন্ত্রটি বের করার চেষ্টা করেন বলেও অভিযোগ। ওই দিনই অফিসের অন্য একটি ঘরে তাঁর ফেলে যাওয়া ব্যাগে একই ধরনের আরও একটি রেকর্ডিং ডিভাইস পাওয়া যায়।
কী তথ্য জানার চেষ্টা করেছিলেন তিনি?
তদন্তকারীদের দাবি, আলফোজান সংস্থার বৈঠকঘর, ক্যালেন্ডার এবং কর্তাদের বৈঠকের অবস্থান সম্পর্কে তথ্য খুঁজেছিলেন। তাঁর স্ত্রীর সঙ্গে যুক্ত একটি চ্যাটবট অ্যাকাউন্ট থেকেও অডিয়ো রেকর্ডার তৈরি, ওয়াই-ফাই সংযোগ, দূর থেকে যন্ত্র নিয়ন্ত্রণ এবং তথ্য এনক্রিপ্ট করার বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগ।
ওই মিটিং রুমে সংস্থার প্রযুক্তি, গবেষণা, পণ্যের পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং সরকারি ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা হতো। FBI-এর ডিরেক্টর কাশ প্যাটেলের বক্তব্য, সংস্থার সুপারইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন গোপনে রেকর্ড করাই ছিল এই কাজের উদ্দেশ্য বলে অভিযোগ।
OpenAI জানিয়েছে, অভ্যন্তরীণ AI প্রযুক্তির সাহায্যে যন্ত্রটির উৎস এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়। আলফোজানকে চাকরি থেকে সরিয়ে FBI-এর হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
কে এই আবদুলরহমান আলফোজ়ান?
তাঁর LinkedIn প্রোফাইল অনুযায়ী, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। ২০১২ সালে Akamai Technologies-এ ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে SAP, Microsoft এবং Meta-য় কাজ করেছেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত Meta-য় সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার ছিলেন। এরপর Nash-এ প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ২০২৫ সালের জুলাইয়ে OpenAI-তে যোগ দেন তিনি।
অভিযোগ প্রমাণিত হলে আলফোজানের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, ২ লক্ষ ৫০ হাজার ডলার জরিমানা এবং তিন বছরের নজরদারির মধ্যে থাকার সাজা হতে পারে। মামলাটি এখনও তদন্তাধীন।
