শৈশবে নানা প্রতিকূলতায় শেখা হয়নি পবিত্র কোরআন। জীবনের শেষ প্রান্তে এসে সেই অপূর্ণতা পূরণে কোরআন শিখছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪২ জন প্রবীণ। তাঁদের কোরআন শিক্ষার এই উদ্যোগে যুক্ত হয়েছে পবিত্র ওমরাহ পালনের সুযোগও। লটারির মাধ্যমে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারা।
গত শুক্রবার রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় লটারির মাধ্যমে শফিকুল ইসলাম তারাকে বিনামূল্যে ওমরাহ পালনের জন্য নির্বাচিত করা হয়।
শফিকুল ইসলাম জানান, গত ১৫ মাস ধরে তিনি কোরআন শেখার সঙ্গে যুক্ত রয়েছেন। আল্লাহর রহমতে এখন তিনি ভালোভাবে কোরআন পড়তে পারেন।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রবীণদের কোরআন শিক্ষা কার্যক্রম প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলে। বয়সের কারণে শৈশবে বা জীবনের আগের পর্যায়ে কোরআন শেখার সুযোগ না পাওয়া প্রবীণেরা এ কার্যক্রমে অংশ নিয়ে কোরআন শেখার সুযোগ পাচ্ছেন।
দ্বিতীয় ব্যাচের পাঠদান শেষ হওয়ার পর তৃতীয় ব্যাচ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন। এর মাধ্যমে আরও প্রবীণ ব্যক্তিকে কোরআন শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে ৪২ প্রবীণ শিখছেন কোরআন, ৭০ বছর বয়সে পেলেন ওমরাহর সুযোগ appeared first on ভোরের চেতনা.
