অনলাইন ডেস্ক
আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে ধর্মীয় ও রাজনৈতিক বার্তা জোরালোভাবে তুলে ধরছে ইরান। রাষ্ট্রীয় আয়োজনে শোকযাত্রা, প্রতীকী স্লোগান ও জনসমাবেশের মাধ্যমে ইসলামি বিপ্লবের আদর্শ, জাতীয় ঐক্য এবং শিয়া নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শোকানুষ্ঠানে কালো ও লাল রঙ, ‘আমাদের উঠে দাঁড়াতে হবে’ স্লোগান এবং ‘হে, হুসেনের প্রতিশোধ গ্রহণকারীরা’ লেখা লাল পতাকা ব্যবহার করে শাহাদাত, প্রতিরোধ ও প্রতিশোধের বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে খামেনির মৃত্যুকে রাষ্ট্রীয়ভাবে ‘শাহাদাত’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তেহরান থেকে কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ পর্যন্ত শোকযাত্রার পরিকল্পনাকে শিয়া ধর্মীয় কেন্দ্রগুলোর সঙ্গে ইরানের আদর্শিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে হামাস, হিজবুল্লাহ, হুতি আন্দোলনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিও ইরানের আঞ্চলিক রাজনৈতিক অবস্থানকে তুলে ধরেছে।
