ছবি: সংগৃহীত
-->হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার (২৩ অক্টোবর) ক্লাবের অনুশীলন পর্যবেক্ষণের সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জার্মান জায়ান্ট ক্লাবটির সমর্থকদের মধ্যে।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এফসি বায়ার্নের আমেচার দলের ট্রেনিং চলাকালীন জ্ঞান হারানোর পর শুক্রবার ভিনসেন্ট কোম্পানিকে চিকিৎসাসেবা নিতে হয়েছে। প্রথম দলের এই কোচ দ্বিতীয় দলের ট্রেনিং সেশন দেখছিলেন। হাসপাতালে কোম্পানির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। আপাতত তার কোচিং স্টাফরাই ট্রেনিং ও ম্যাচের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।’
এর আগে বুধবার (২১ অক্টোবর) আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে পা ও কোমরে ব্যথার কথা জানিয়েছিলেন কোম্পানি। ধারণা করা হচ্ছিল, ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন তিনি।
আরও পড়ুন
বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাংকস, যিনি কোম্পানির পরিবর্তে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এটি কেবলই একটি ভাইরাস। ডাক্তার এবং বিশেষজ্ঞরা এ বিষয়ে আমার চেয়ে অনেক ভালো জানেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সবচেয়ে বেশি যে বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি তা হলো-তিনি যেন পর্যাপ্ত বিশ্রাম নেন এবং তার প্রয়োজন অনুযায়ী সময় নেন, সেটা কাল হোক বা দুই-তিন দিন পর হোক, এই মুহূর্তে আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে ভিন্সকে বিশ্রাম দেওয়াই এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’
আরও পড়ুন
এর আগেও কোম্পানির অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল। আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। পুরো সময় ডাগআউটে বসেই কাটান তিনি। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারেল জানিয়েছিলেন, অসুস্থতার কারণে কোম্পানিকে সিঁড়ি দিয়ে উঠতেও সহায়তা করতে হয়েছিল।
পাপ্পু/
