অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অনন্য করে তোলেন এই অভিনেত্রী।
এর আগে অবশ্য নতুন সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সেই সাজের কিছু স্থিরচিত্র।
ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি নকশা। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য।
কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে তাঁর বাঙালি সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ।
ছবিগুলোতে পেছন দিক থেকে নিজের সাজ তুলে ধরেছেন জয়া। কখনো চুলে বেলি ফুলের গাজরা দেখাচ্ছেন, আবার কখনো মুচকি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন।
ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি পরিচিত গানের পঙ্ক্তি জুড়ে দিয়েছেন জয়া। তিনি লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।”
জয়ার এই মনোমুগ্ধকর সাজ ও কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করছেন।
