নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের সবাই মারা গেছেন। দগ্ধ হওয়ার পর চার দিনে একে একে তাদের মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। ওই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মারা যান দুর্ঘটনাকবলিত বাড়ির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হন।
