চট্টগ্রামের বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর অন্যতম সেবাধর্মী ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজনে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।
চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার জন্য গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন— সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। এ সময় আরও অংশ নেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং অনুষ্ঠানস্থল বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।
