কালবেলা · সাধারণ
সবুজ চট্টগ্রাম গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: মেয়র শাহাদাত
১৫/১০/২০২৬

চট্টগ্রামকে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও চারার পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগরের চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে গাছের চারারোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সড়কের আইল্যান্ডে রোপণ করা চারাগুলোর অবস্থা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন চসিক মেয়র। তিনি বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
মেয়র আরও বলেন, বাসযোগ্য ও নান্দনিক নগরী গড়ে তুলতে সড়ক, ফুটপাতের পাশের উপযুক্ত স্থান এবং অন্যান্য খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। চারাগুলো বেড়ে উঠলে নগরীর সবুজায়নে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সড়কের সৌন্দর্য বজায় রাখার নির্দেশনা দেন মেয়র। একই সঙ্গে নগরীর পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর পরিবেশ উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗