বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে ওবাইদুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির ওপর হামলা এবং ধারালো ছুরি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচা, চাচী ও চাচাতো বোনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
মঙ্গলবার (মধ্যরাতে) ওবাইদুর রহমানের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী শিউলি খাতুন এবং মেয়ে নাজু খাতুন। ভুক্তভোগী ওবাইদুর রহমান একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ওবাইদুর রহমানের পরিবারের সঙ্গে তাঁর চাচা সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে ওবাইদুর রহমান তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ধুনট-শেরপুর সড়কের হুকম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে বাড়ির কাছাকাছি গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সাইফুল ইসলাম ও তাঁর লোকজন ওবাইদুর রহমানের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের লাঠির আঘাতে তিনি মাটিতে পড়ে গেলে সাইফুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত ওবাইদুর রহমান ও তাঁর স্ত্রী রুনা আক্তারকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ওবাইদুর রহমানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
The post ধুনটে ভাতিজার লিঙ্গ কর্তন, চাচা-চাচীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা appeared first on ভোরের চেতনা.
