কালবেলা · টেক
শিবিরের দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
১৫/১০/২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিকের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অপপ্রচার চালানো ও হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
দৈনিক গণকণ্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ বাদী হয়ে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য পটুয়াখালী জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. তরিকুল ইসলাম ফাহিম (২৬), মো. আমিনুল ইসলাম (৩২), সংগঠনটির সাবেক সভাপতি মো. ইমরান খান (৩৫) এবং মো. আবুল কালাম হাওলাদার ওরফে কালু (৬৫)।
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি উপজেলার শৌলা এলাকায় জোরপূর্বক গাছ কাটার অভিযোগে এক শিবির নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেন তিনি। পরে সংবাদটি ‘খবর বাউফল’ ও ‘বাউফল টুডে’ ফেসবুক পেজেও প্রচারিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
মামলার বাদী মাসুম বিল্লাহ বলেন, গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৯ মিনিটে মামলার ২ নম্বর আসামি মো. আমিনুল ইসলাম ফোন করে তাকে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য, হুমকি এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সংবলিত ভিডিও প্রচার করা হয়।
বাদীর দাবি, এসব প্রচারের মাধ্যমে তার পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এ ঘটনায় তিনি গত ১৯ আগস্ট বাউফল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-৯৭০ তারিখ- ১৯/৮/২৬) করেন।
বাদীপক্ষের আইনজীবী কে এম মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সংশ্লিষ্ট ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারী শনাক্ত এবং আইপি লগ, লগইন হিস্ট্রি ও মেটাডেটা বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত প্রয়োজন।
পটুয়াখালী সিআইডির ইনচার্জ তুষার কান্তি দাস বলেন, ‘সাইবার ট্রাইব্যুনাল থেকে মামলাটি আমাদের কার্যালয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাংবাদিক আমাদের কার্যালয়ে এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗