খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রস রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়ির বাথরুমে ঢুকে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছুড়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রস রোডের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, এস এম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে ৫ থেকে ৬ জন হেলমেটধারী দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির বাথরুমের দরজা খুলে সেখানে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
মুজাহিদুল আজিজ ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। যাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তিনি ওই সময় বাড়িতে ছিলেন। তবে এতে কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
