আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন বাংলার পেসার আকাশ দীপ। তবে প্রত্যাশা থাকলেও দলে জায়গা হল না অভিজ্ঞ মহম্মদ সামির। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার চার দিন পরই শুরু হবে লাল বলের সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলও ঘোষণা করেছে বিসিসিআই। দলে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। শেষ দুই ওয়ানডেতে থাকবেন না শুভমন গিল, কেএল রাহুল এবং প্রসিদ্ধ কৃষ্ণ। নিউজিল্যান্ড সফরে ফিরলেন আকাশ দীপ। কিন্তু দলে নেই সামি। ৩৬ বছরের তারকা পেসারকে নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফেরানো হতে পারে বলে জোর জল্পনা ছিল। তবে ভারতীয় 'এ' দলের চার দিনের তিনটি ম্যাচের দল থেকে তাঁকে বাদ দেওয়ার পরই সেই সম্ভাবনা কিছুটা কমে যায়। সেই ম্যাচগুলিই ছিল টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ।
অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর ভারতীয় টি-২০ দলে চার বছর পর ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন সামির ফেরার আশাও বাড়িয়েছিল। কিন্তু প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি শেষপর্যন্ত সামিকে ফেরানোর পথে হাঁটেনি। ঘরোয়া ক্রিকেটে অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছেন সামি। গত সপ্তাহে কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে বাংলার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেন। সেই পারফরম্যান্সের পরও জাতীয় দলে ফেরার দরজা খুলল না বাংলার পেসারের। ম্যাচের পর নিজের ফিটনেস নিয়ে সমালোচকদের জবাবও দিয়েছিলেন সামি। আগরকরের আমলে ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি। তবে সামি বারবারই দাবি করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো ফিট তিনি।
