অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি পার্থ ও ওয়াশিংটন ডিসিতে সামরিক বিষয়ক দুটি আয়োজনে অংশ নেন।
সেনাপ্রধান শনিবার দেশে ফিরেছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অফ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে তিনি বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
পরে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে’ অংশ নেন।
আইএসপিআর আরও জানায়, সফরে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বিআলো/শিলি