Published : 13 Oct 2026, 12:55 PM
Updated : 13 Oct 2026, 12:33 PM
বাল্যবিয়ে মেয়েদের শৈশব কেড়ে নেওয়ার পাশাপাশি তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে। এছাড়া অল্প বয়সে বিয়ের কারণে সংসারের দায়িত্ব নিতে গিয়ে অনেক মেয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ পায় না বলে মনে করেন অধিকারকর্মী খুশী কবির।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাল্যবিয়ে মানবাধিকারের লঙ্ঘন। কারণ, এর মধ্য দিয়ে একটি মেয়েকে তার শৈশব ও কৈশোর থেকে বঞ্চিত করা হয়। পূর্ণবয়স্ক হওয়ার আগেই তাকে প্রাপ্তবয়স্কদের মত দায়িত্ব নিতে হয়।
খুশী কবির বলেন, বাল্যবিয়ে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এটি তাদের সামাজিক জীবন ও ব্যক্তিগত বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে।
বয়স অনুযায়ী বেড়ে ওঠা এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ না পেলে মেয়েরা জীবনে যা অর্জন করতে পারত, তা থেকেও বঞ্চিত হতে পারে।
তিনি মনে করেন, মেয়েদের নিজেদের ভবিষ্যৎ গড়ার এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। এ জন্য বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে মেয়েদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
