সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুটি স্মার্টফোন এবং একটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল জলিল (৪৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে আব্দুল জলিলের বসতঘরে এ ঘটনা ঘটে। রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন এবং তাঁর স্ত্রী ঘরের ভেতরে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে আঘাত করে ও মুখ চেপে ধরে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর ব্যবহৃত একটি স্টিলের ট্রাংকের তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি স্মার্টফোন ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আব্দুল জলিলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মো. ফারুক ও মোছা. মোমেনা খাতুনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন আব্দুল জলিল। তাঁর দাবি, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রায় এক মাস আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী।
The post সিরাজগঞ্জে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ২৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ appeared first on ভোরের চেতনা.
