খুলনা গেজেট অক্টোবর ১৮, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, আনুমানিক ২৫ কেজি সাদা মাছসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মো. জাহিদ হাসান (৪২), মো. মফিজুল গাজী (২৮), মো. রবিউল ইসলাম (৪৫), মো. ইছা সরদার (৩৫), মো. রিজাউল গাজী (৪৫), মো. রইবুল ইসলাম (৩২), মো. নাহিদ হাসান (২৮) ও মো. কওছার আলী গাজী (৩৯)।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) আব্দুস সালামের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা রায়মঙ্গল নদীর বাওনে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সন্ধ্যা ৭টার দিকে অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) মো. এরফান উদ্দীন বলেন, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় স্মার্ট পেট্রোলিংসহ নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। অভয়ারণ্য এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও প্রাকৃতিক সম্পদ আহরণের বিরুদ্ধে বন বিভাগ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সুন্দরবনের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে পি.ও.আর. মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
