গাজীপুর মহানগরের বাসন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান ও অবকাঠামোগত অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি গত ২৫ বছরেও।
কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম সরকারি ভরসা হলেও প্রয়োজনীয় জনবল, আধুনিক যন্ত্রপাতি ও পরীক্ষাগারের অভাবে সীমিত পরিসরেই চলছে কেন্দ্রটির কার্যক্রম।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মা ও শিশুর প্রাথমিক চিকিৎসা এবং কিছু সাধারণ ওষুধ বিতরণের বাইরে এখানে তেমন কোনো সেবা পাওয়া যায় না।
রক্ত, প্রস্রাবসহ সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও নেই। মেডিকেল টেকনোলজিস্টের পদ শূন্য থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করেও পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না।
ফলে গুরুতর রোগীদের প্রাথমিক সেবা দেওয়ার পর গাজীপুর সদর হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে।
কড্ডা এলাকার বাসিন্দা ও নিয়মিত সেবা নিতে আসা মরিয়ম বেগম বলেন, আমাগো এইহানে ছোটখাটো অসুখের বড়ি ওষুধ ছাড়া আর কিছু পাওয়া যায় না।
একটু পরীক্ষা-নিরীক্ষা লাগলেই গাজীপুর চৌরাস্তা বা সদরে দৌড়াইতে হয়। আমাদের দাবি, সরকার এইডারে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল বানাইয়া দিক। স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, আড়াই দশক ধরে স্বাস্থ্যকেন্দ্রটির একই অবস্থা দেখে আসছেন তিনি।
এ সময়ে এলাকার জনসংখ্যা কয়েক গুণ বাড়লেও সেবার পরিধি বাড়েনি। তাঁর মতে, এখানে ২৪ ঘণ্টার জরুরি বিভাগ ও প্রসূতি সেবা চালু করা এখন সময়ের দাবি।
কেন্দ্রটির চিকিৎসক জানান, সীমিত জনবল ও সম্পদ নিয়েই প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়ার চেষ্টা করা হয়।
কিন্তু পরীক্ষাগার এবং পর্যাপ্ত এক্স-রে ও ইসিজি যন্ত্র না থাকায় রোগ নির্ণয়ে সীমাবদ্ধতা রয়েছে। অবকাঠামো উন্নয়ন ও টেকনোলজিস্ট নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কড্ডা উপ-স্বাস্থ্য কেন্দ্রটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আধুনিকায়নের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করছেন।
কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ ও আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ ও জনবল কাঠামো অনুমোদন পেলে পরীক্ষাগার সুবিধা এবং ২৪ ঘণ্টার প্রসূতি সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রটির অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দীর্ঘ আড়াই দশকের সীমাবদ্ধতা কাটিয়ে কড্ডা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি কবে উন্নত সেবার উপযোগী হবে, এখন সেই অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
বিআলো/আমিনা