কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১১৬ জনকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭৮ জন, আগের মামলায় ৪৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানাভুক্ত ৭৮ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৮ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৩৩ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে ৭৪ জনকে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৩০টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ২ হাজার ৪০৩ ইয়াবা, ১৭ লিটার চোলাই মদ, ৩৫ কেজি ১৪০ গ্রাম গাঁজা, চার বোতল হুইস্কি, চার বোতল স্কাফ এবং ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্য গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও নোয়াখালীতে একজন করে এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১৬ কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১৬ জনের মধ্যে ৭৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটকের মধ্যে চট্টগ্রামে ৩৯ জন, কক্সবাজারে ১১, কুমিল্লায় ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে নয়, রাঙামাটিতে ছয় এবং খাগড়াছড়িতে ১৬ জন রয়েছে।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।
