এশিয়ান প্যারা গেমসে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। তিরন্দাজির প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন শীতল দেবী এবং তোমন কুমার। ফাইনালে ইন্দোনেশিয়ার জুটিকে ১৫১-১৪৮ পয়েন্টে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন তাঁরা। পাশাপাশি অ্যাথলেটিক্সে মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছেন সুবর্ণা রাজ। তিরন্দাজির মহিলাদের ডব্লিউআই বিভাগে রুপো পেয়েছেন স্বাতী চৌধুরী।
ফাইনালে শুরু থেকেই জমে ওঠে ভারত ও ইন্দোনেশিয়ার লড়াই। প্রথম রাউন্ডে ৩৮-৩৭ পয়েন্টে এগিয়ে যান শীতল ও তোমন। দ্বিতীয় রাউন্ডে ব্যবধান আরও বাড়ান তাঁরা। ওই রাউন্ডে ৩৯ পয়েন্ট তুলে নিয়ে ভারতের মোট স্কোর দাঁড়ায় ৭৭। ইন্দোনেশিয়ার তখন ৭৩ পয়েন্টে। চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সোনার লড়াইয়ে নিজেদের জায়গা মজবুত করে ভারতীয় জুটি। তৃতীয় রাউন্ডে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেন শীতল ও তোমন। শেষ রাউন্ডে আরও ৩৮ পয়েন্ট তুলে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান তাঁরা। সব মিলিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৫১। ইন্দোনেশিয়া থামে ১৪৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ৩ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে দেশের পদকতালিকায় আরও একটি সোনা যোগ করেন দুই তিরন্দাজ।
16TH GOLD MEDAL AGAYA HAI PRABHU! – Sheetal Devi & Toman Kumar wins it
https://t.co/XFeCQrRn60
— The Khel India (@TheKhelIndia) October 22, 2026
ফাইনালের আগে সেমিফাইনালেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ভারতীয় জুটিকে। চিনা তাইপেইয়ের ইউন-শিয়েন লি ও জুন-কাই ইয়াংয়ের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জয় পান শীতল ও তোমন। ১৪২-১৪১ ফলে জিতে ফাইনালে ওঠেন তাঁরা। সেমিফাইনালের অভিজ্ঞতা কাজে লাগিয়েই চূড়ান্ত বাধা টপকে সোনা জেতেন দুই ভারতীয়।
তিরন্দাজির মহিলাদের ডব্লিউআই বিভাগে রুপো জিতেছেন স্বাতী চৌধুরী। ব্যক্তিগত বিভাগের ফাইনালে চিনের সেন মেংকানের কাছে হারতে হয় তাঁকে। সোনা অধরা থাকলেও রুপো জিতে দেশের পদকভাণ্ডারে অবদান রাখেন স্বাতী। এই বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জয়ের কৃতিত্ব তাঁরই। তিরন্দাজির পাশাপাশি অ্যাথলেটিক্সেও সাফল্য পেয়েছে ভারত। মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে ১৫.৬৬ মিটার দূরত্বে চাকতি ছুড়ে সোনা জেতেন সুবর্ণা রাজ। তাঁর ছ’টি প্রচেষ্টার মধ্যে চারটি থ্রো-ই ১৫ মিটারের বেশি দূরত্বে গিয়ে পড়ে। এই ইভেন্টে রুপো জেতেন ইরানের শাহলা হাদিদি। ভিয়েতনামের থি ন্গক থুই গুয়েন ১৪.৬৫ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পান। উল্লেখ্য, প্রতিযোগিতার চতুর্থ দিনে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩-এ। এর মধ্যে ১৭ সোনা, ২২ রুপো ও ৩৪ ব্রোঞ্জ। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত।

https://t.co/XFeCQrRn60