খুলনা নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় বাসার সামনে খুশি বেগম (২৪) নামে এক নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর রোডের টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।
নিহত খুশি বেগম ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ রয়েছে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মায়ের ভাষ্য, ঘটনার সময় তিনি ও তার মেয়ে বাড়ির সামনে ছিলেন। তখন মিরাজ নামের এক যুবক তাদের কাছে এসে মিরাজ কেমন আছেন- এমন কথা জিজ্ঞাসা করেন। এরপর পরই তার সামনেই মেয়ের মাথায় গুলি করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে, মাদককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
