Published on
:
1 min read
হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পালচৌধুরী স্কুল। গত মাসে এই স্কুলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতারাতি সামনে এসেছিল এই স্কুলের নাম। এ বার এই স্কুলের পড়ুয়াদের জন্য কর্তৃপক্ষ যে আয়োজন করলেন তাকে কুর্নিশ জানালেন অভিভাবকরাও। সোমবার হাওড়ার ব্যাঁটরা এই স্কুলের প্রায় ২৫০ জন ছাত্রের মিড-ডে মিলের মেনু ছিল সম্পূর্ণ আলাদা। সাধারণ খাবারের বদলে তাদের পাতে দেওয়া হয় গরম গরম চিকেন বিরিয়ানি। এই সুস্বাদু খাবার পেয়ে আনন্দিত পড়ুয়ারা। তারা তৃপ্তি ভরে চেটেপুটে সেই বিরিয়ানি খায়।
জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর এই স্কুলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পড়ুয়াদের সঙ্গে একাসঙ্গে বসে মিড-ডে মিলের খাবার খেয়েছিলেন। পরের দিন তিনি উপহারস্বরূপ মাছ ও মিষ্টি পাঠান। মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক ভূমিকা স্কুল কর্তৃপক্ষকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে। তারই ফলস্বরূপ পুজোর ঠিক আগে এই বিশেষ আয়োজন করা হয়। পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে এই বিরিয়ানি রান্না করেন। স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, স্কুল একটি পরিবারের মতো। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের এমন ভালোবাসায় আপ্লুত শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্কুলের এক শিক্ষক বলেন, আমরা একটা পরিবারের মতো। আমাদের তরফ থেকে পুজোর আগে ছাত্রদের এটা উপহার দেওয়া হলো।
