শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য, ঢাকা থেকে এখন পর্যন্ত ৫২টি সরাসরি ফ্লাইট ও ৬৬টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার পর ঢাকা থেকে বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের সংখ্যা ১১৮টিতে দাঁড়িয়েছে, যার প্রভাবে দুর্ভোগে পড়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের রোববারের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৫২টি সরাসরি ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
এরমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই রুটে বিমান বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য তাদের ফ্লাইট স্থগিত করেছে।
তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের; ২৩টি।
এছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।
গেল ১০ অক্টোবর থেকে ইয়েমেনি হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায়-দফায় হামলা চালিয়েছে।
সেদিন দুপুর সোয়া ৩টায় রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা হয়, তা ছিল সৌদিতে নিকট অতীতে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী।
হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গেল বুধবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে আরও হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
হুতিরা বলেছে, হুমকি দেওয়া জায়গাগুলো তাদের জন্য সঠিক লক্ষ্যবস্তু। তারা জানায়, ইয়েমেনে সৌদি আরবের হামলার বদলা নিতেই তারা এই পাল্টা হামলা চালিয়েছে।
সবমিলিয়ে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কারণে নতুন করে শুরু হওয়া যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে করে আরও বহু ফ্লাইট বাতিল হতে পারে।
আরও পড়ুন
সৌদির বিমানবন্দরে হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী
সৌদির বিমানবন্দরে হামলা: বাতিল ১১৪ ফ্লাইট, সাড়ে ১৭ হাজারের বেশি যাত্রী আটকা
