Published on
:
1 min read
এই সময়, তমলুক: থানায় থানায় জিম তৈরি করতে ১৪ কোটি টাকা বরাদ্দ, ১১২ জরুরি পরিষেবায় নতুন গাড়ি ও মোটরসাইকেল যুক্ত করা এবং পুলিশকর্মীদের বদলি নীতিতে পরিবর্তন। শুক্রবার নিমতৌড়ি জেলা পুলিশ লাইনের দুর্গাপুজো উদ্বোধন করে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন প্রথমে নিমতৌড়ি ভারত সংঘের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
শুভেন্দু বলেন, '২০২১ সালে আমি যখন জিতেছিলাম, আমার দল হেরে গিয়েছিল। সেই সময় ভারত সংঘের পুজো উদ্বোধন করতে কে আসবেন, তা নিয়ে ভোটাভুটি হয়েছিল। সেই ভোটে আমাকে জিতিয়ে উদ্বোধন করানো হয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ মুখ্যমন্ত্রী হয়ে এসেছি।'
মাতঙ্গিনীর এই এলাকায় উন্নয়নের কাজ থমকে থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। এর পরে পুলিশ লাইনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি থানায় চারটি চার চাকার গাড়ি, চারটি মোটরসাইকেল এবং পাঁচ জন মহিলা পুলিশকর্মী-সহ ২০ জনের দল গঠনের পরিকল্পনা রয়েছে। পুজোর ডিউটি শেষে পুলিশ, দমকল ও সিভিল ডিফেন্স কর্মীদের দু'দিনের বিশেষ ছুটি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
পুলিশকর্মীদের রেশন ভাতা ৫০০ টাকা বাড়ানো এবং ১৫ বছর চাকরি হলে নিজের জেলায় বদলির ব্যবস্থা করার আশ্বাস দেন।পুলিশ আবাসন তৈরির প্রস্তাব প্রস্তুত করতে জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সব শেষে তমলুকের আমরা পরিবারবৃন্দ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি।