প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার · ২৩ অক্টোবর, ২০২৬ ১:০৮ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশের একটি দেয়াল থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তারা একটি দেয়ালের ওপর অজগর সাপটি দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব সাপটির বিষয়ে জানতে পেরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
